বাগেরহাট প্রতিনিধি:
সারাদেশে নারীদের ওপর সহিংসতা ও হেনস্থার ঘটনার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট মহিলা বিভাগ।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় স্বাধীনতা উদ্যানের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মহিলা জামায়াত বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি মনিরা সাঈদ বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার ত্যাগের বিনিময় আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এখনো দেশের বিভিন্ন জায়গায় নারীরা অনে নিরাপদ, নারীরা বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে। তিনি আরো বলেন, ওসমান হাদী আমাদের বাংলাদেশের রত্ন তার মৃত্যুর বিচার এখন নিশ্চিত করা হয়নি। ছাত্র জনতার উপরে এখন অনেক জায়গায় হামলা হচ্ছে, এর তীব্র নিন্দা জানাই।
সমাবেশে বাগেরহাট -২ নির্বাচনী আসন পরিচালিকা ডা. মনোয়ারা আজাদ বলেন, এটি বাগেরহাটে মহিলা জামায়াতের প্রথম সংগঠিত বিক্ষোভ মিছিল। নারীরা শুধু ঘরের দায়িত্বেই সীমাবদ্ধ নয়; নিজেদের অধিকার আদায়েও সচেতন ও সক্রিয় হতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত। তিনি বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় নারীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি লায়লা আরজুমান্দ,
বাগেরহাট জেলা শাখার সহকারি সেক্রেটারি জেসমিন সুলতানা, সদর থানার সেক্রেটারি নার্গিস সুলতানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মহিলা জামায়াতের নেতৃবৃন্দ আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নারীরা তাদের ভোটের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










