ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাগেরহাট কামিল (আলিয়া) মাদ্রাসায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে ইএনটি, মেডিসিন, গাইনি, অর্থোপেডিক্স ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ, ব্লাড টেস্ট ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ক্যাম্পে বাগেরহাটের বিভিন্ন এলাকার প্রায় ৭০০ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও ইনসাফের প্রধান উপদেষ্টা শেখ মনজুরুল হক রাহাদ। এ সময় উপস্থিত ছিলেন ইনসাফের উপদেষ্টা শেখ মোঃ ইউনুস, অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ, মাওলানা আবুল কাশেম, মনিরা সাইদ, লায়লা আনজুমান্দ ও মোঃ রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজকরা।
আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় পর্ব। এর আগে প্রথম পর্বেও বাগেরহাটে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এ বিষয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য মোঃ বেলাল হোসাইন অপু বলেন, “মানুষের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই ধারাবাহিকভাবে এমন কার্যক্রম পরিচালনা করতে চাই।”
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এর ধারাবাহিকতায় বাগেরহাটে একটি ফ্রি চক্ষু শিবির আয়োজনের ঘোষণাও দেন তিনি।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইনসাফের সদস্য মোঃ জাকির হোসেন
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসাসেবা গ্রহণকারী মানুষের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে আয়োজনের অনুপ্রেরণা জোগাবে।









