বাবার মৃত্যুর দিন বিকেলে দাফন সম্পন্ন করে রাতেই জীবিকার তাগিদে এটিএম বুথে দায়িত্ব পালন করেন। পরদিন সকালে সেই ক্লান্তি নিয়েই এইচএসসি পরীক্ষায় অংশ নেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন। তার সংগ্রামের গল্প বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর এবার তার পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপু।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় ইকনের বাড়িতে গিয়ে তার ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান বেলাল হোসাইন অপু।
এ সময় ইকন জানান, তার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা। তার কথা শুনে বেলাল হোসাইন অপু বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির কোচিংসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু বইও তুলে দেন তিনি।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কালবেলার বাগেরহাট জেলা প্রতিনিধি রুহুল আমিন বাবু, ইনসাফের সাধারণ সম্পাদক শেখ জুবায়ের, ইকনের মামা ও পরিবারের সদস্যরা।
বেলাল হোসাইন অপু বলেন, “ইকনের মতো মেধাবী ও সংগ্রামী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। অর্থাভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাওয়া উচিত নয়। আমার সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করার চেষ্টা করব।”
সহায়তা পেয়ে ইকন কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।









