বাগেরহাটের কচুয়া উপজেলায় এক কৃষকের পানের বরজে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত ২৫ মার্চ বিকেলে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাসা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী কৃষক মো. রফিকুল ইসলামের প্রায় ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম (৪২), পিতা মৃত মো. মোসলেম শেখ, কচুয়া থানায় লিখিত অভিযোগে জানান, তিনি দীর্ঘদিন ধরে পানের বরজ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত ২৫ মার্চ প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে দুপুর ১টার দিকে তিনি বাড়ি ফিরে যান। পরবর্তীতে বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে খবর পান যে, তার পানের বরজে দাউ দাউ করে আগুন জ্বলছে।
স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও ততক্ষণে পানের বরজটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। রফিকুল ইসলামের দাবি, তার অনুপস্থিতির সুযোগ নিয়ে কোনো অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিবর্গ শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়ে দিয়েছে।
আগুনে পানের বরজটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ভুক্তভোগী কৃষক বর্তমানে দিশেহারা। তিনি জানিয়েছেন, এই বরজটিই ছিল তার পরিবারের আয়ের একমাত্র উৎস। অগ্নিকাণ্ডে তার আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, যা কাটিয়ে ওঠা তার পক্ষে প্রায় অসম্ভব।
এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রফিকুল ইসলাম। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএস/ আ.প্র










