তিতুমীর কলেজ প্রতিনিধি:
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(১৫ এপ্রিল) কলেজের শহীদ বরকত মিলনায়তন সংলগ্ন পাঠকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বেসিক জার্নালিজম, শুদ্ধ উচ্চারণ ও স্ক্রিপ্ট রাইটিং বিষয়ে প্রশিক্ষণ দেন জাতীয় প্রেসক্লাবের সদস্য, লেখক ও সাংবাদিক আবিদ আজম, মাল্টিমিডিয়া জার্নালিজম ও নিউমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ দেন এটিএন বাংলার ডিজিটাল ও অনলাইন নিউজ এডিটর আল ইমরান, ক্যাম্পাস রিপোর্টিং ও ফিচার রাইটিং বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ প্রতিদিনের বিজনেস চিফ মানিক মুনতাসীর।
এছাড়া ফটো সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দেন প্রথম আলোর ডেপুটি হেড অফ ফটোগ্রাফি সাজিদ হোসেন ও টেলিভিশন রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ দেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সবুজ মাহমুদ।
এ সময় সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় একজন সাংবাদিককে শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে হয়। সেই লক্ষ্য থেকেই আমাদের এই আয়োজন। আমরা চাই, তিতুমীর কলেজ থেকেই দক্ষ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিক তৈরি হোক। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনটির সভাপতি সাহেদুজ্জামান সাকিব বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বপূর্ণ পেশা। এখানে সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি, তারা ভবিষ্যতে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।













